মামুন হোসেন খান,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে মাসিক কল্যাণ সভা ও আগস্ট ২০২৬ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) পুলিশ লাইন্স ড্রিলশেডে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, নবাবগঞ্জ সার্কেল মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, গোমস্তাপুর সার্কেল মোঃ হাসান তারেক, এএসপি (প্রবেশন), চাঁপাইনবাবগঞ্জসহ জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।
এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার ডিআইও-১, আরআই, পুলিশ লাইন্সের কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা সভায় উপস্থিত ছিলেন।
কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের কাছ থেকে তাঁদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং কল্যাণসংক্রান্ত বিষয় সম্পর্কে অবহিত হন। সভায় উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শুনে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি। এ সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
পরে কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার বিভিন্ন ইউনিট প্রধানদের উপস্থিতিতে আগস্ট ২০২৬ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন