মামুন হোসেন খান,
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও দুটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি পাকা সড়কে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মোটরসাইকেল আরোহী পালানোর চেষ্টা করেন। পরে টহলদল শটগান থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে তিনি মোটরসাইকেল থামিয়ে দেন।
আটক ব্যক্তি হলেন ভোলাহাট উপজেলার সুরানপুর ডাকঘরের তিলকী গ্রামের মো. মশিউর রহমান, পিতা জেম আলী।
পরে তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি।
বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও দুটি মোটরসাইকেলের মোট সিজার মূল্য ৪ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি অস্ত্র, গোলাবারুদ ও সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন