চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :-মামুন হোসেন
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ এবং ভোলাহাট সীমান্তে পৃথক ০২টি অভিযান চালিয়ে ০৩ কোটির বেশি টাকা মূল্যের চোরাচালানী পণ্য জব্দ করেছে।
১ম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামস্থ শাহাবাজপুর কলেজের সম্মুখস্থ পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ভারতীয় একটি ট্রাক (রেজিঃ নম্বর বিহীন) তল্লাশী করে ট্রাকে রক্ষিত পাথরের মধ্যে লুকায়িত অবস্থায় ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও ০৫টি বেনারসি শাড়ী উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে। জব্দকৃত ভারতীয় ট্রাক, ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ এবং বেনারসি শাড়ী এর সর্বমোট সিজার মূল্য-২,৫৭,৭৯,০০০.০০ (দুই কোটি সাতান্ন লক্ষ ঊনআশি হাজার) টাকা।
২য় অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০৮৪০ ঘটিকায় খড়কপুর বিওপি হতে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০১/৮৩-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের আলীমোড় গ্রামস্থ পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধার করে এবং ০১টি ইজিবাইক জব্দ করে, যার মোট সিজার মূল্য-৪৯,১৫,০০০/- (ঊনপঞ্চাশ লক্ষ পনের হাজার) টাকা। এ সময় ইজিবাইকের চালক বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
জব্দকৃত চোরাচালানী পণ্যের বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন