আবুল বাশার, বাবুগঞ্জ (বরিশাল)
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের পক্ষে দোয়া-মোনাজাত, গণসংযোগ ও নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়েছে।
২০ সেপ্টেম্বর বিকেলে রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিরগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় হাবিবুর রহমানের সমর্থকেরা স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁর পক্ষে সমর্থন ও দোয়া কামনা করে লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে রহমতপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
সমর্থকদের দাবি, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময়ে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। নির্বাচনকে সামনে রেখে হাবিবুর রহমান ও তাঁর সমর্থকেরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজার ও গ্রামে নিয়মিত গণসংযোগ করছেন। এ সময় তারা বয়োজ্যেষ্ঠদের দোয়া এবং তরুণদের সমর্থন কামনা করছেন। মিরগঞ্জ বাজারে অনুষ্ঠিত গণসংযোগ, দোয়া-মোনাজাত ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ, যুবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন