মোঃ কামাল সিকদার,ঝালকাঠি জেলা প্রতিনিধি:
“যুবদের সফল ভবিষ্যতের জন্য দক্ষতাই হোক শক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (প্রগতি) রাজাপুর শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ব্র্যাকের সভাকক্ষে আয়োজিত পরিচিতি সভার মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের স্বাবলম্বী করে তুলতে দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নতুন একটি কর্মদক্ষতা অর্জনের পাশাপাশি চাকরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এর ফলে পরিবার ও সমাজে নারীদের অর্থনৈতিক ভূমিকা আরও শক্তিশালী হবে। প্রশিক্ষণ কার্যক্রমে যানবাহন চালনার তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়, ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা এবং একজন পেশাদার চালকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। পরিচিতি সভায় বক্তব্য রাখেন হাছনাইন আহমেদ, রহিম রেজা, রফিকুল ইসলাম, সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, মোসা. স্বর্ণা এবং রাজাপুর প্রেসক্লাবের সদস্য মোঃ কামরুল হাসান রানা প্রমুখ।
বক্তারা আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি সমাজে দক্ষ জনশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (প্রগতি)-এর এ উদ্যোগ নারীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার পাশাপাশি তাদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন