মামুন হোসেন খানচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগরে মিজানুর রহমান (২২) নামে এক যুবককে হত্যার ঘটনায় শাহিন আলী (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে শাহিন ঘটনার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শাহিন আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের জুয়েল রানার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান (২২), পিতা-মৃত শফিকুল ইসলাম, মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় শ্রমিক ছিলেন এবং বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে মিজানুর রহমানকে বাড়িতে দেখতে পান তার মা মোছা. রুবেদা বেগম। পরে তিনি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ৩০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে রুবেদা বেগমের প্রতিবেশী ও মামাতো ভাই মো. কাউসার আলী তার বাড়িতে এসে জানান, মিজানুর রহমানকে কে বা কারা হত্যা করে অনুপনগর সেবা ইটভাটার ভেতরের চলাচলের রাস্তায় ফেলে রেখেছে।
খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মিজানুর রহমানের মরদেহ দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা থেকে সকাল ৬টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো চাকু দিয়ে আঘাত করে মিজানুর রহমানকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে যায়। এ ঘটনায় নিহতের মা মোছা. রুবেদা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি সদর মডেল থানার মামলা নং-০১, তারিখ-০১/১০/২০২৬ খ্রি., জিআর-৪৯০/২০২৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোডে রুজু করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় এসআই (নিরস্ত্র) মো. বেল্লাল হোসেনের ওপর।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএমের নেতৃত্বে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে শাহিন আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহিনের বসতবাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করে জব্দতালিকামূলে জব্দ করা হয়।
পরবর্তীতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী জবানবন্দি গ্রহণের জন্য শাহিন আলীকে চাঁপাইনবাবগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তিনি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন