বিশেষ প্রতিনিধি: মোস্তাক আহমেদ বাপ্পি
ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমাঞ্চলের সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও বয়স্কসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় সাদেকপুর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর সোমবার বিকেলে একটি কুকুর হঠাৎ গ্রামের বিভিন্ন স্থানে মানুষকে ধাওয়া করে কামড়াতে শুরু করে। একপর্যায়ে একই পরিবারের একাধিক সদস্যও কুকুরটির আক্রমণের শিকার হন।
আহতদের মধ্যে শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মুখ, হাত ও পায়ে কামড়ের আঘাত রয়েছে। নারী-পুরুষ কাউকেই রেহাই দেয়নি কুকুরটি। সাদেকপুর গ্রামের বাসিন্দাদের পাশাপাশি পাশের লালপুর এলাকার এক পথচারীও আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান। পরে আহতদের দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, জলাতঙ্কের ঝুঁকি এড়াতে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, আতঙ্কিত স্থানীয় জনতা কুকুরটিকে আটক করে পিটিয়ে মেরে ফেলেছেন বলে জানা গেছে।
একসঙ্গে প্রায় ৩০ জন মানুষ কুকুরের কামড়ে আহত হওয়ায় সাদেকপুর ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন