সিলেট জেলা প্রতিনিধি: আব্দুল হামিদ রানা
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল আহমদ। শুক্রবার (গতকাল) বাদ আছর স্থানীয় রামপাশা বাজারে মুরব্বি, যুবক, ব্যবসায়ী, নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি এ কর্মসূচি পালন করেন। এ সময় বাজারের বিভিন্ন অলিগলি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
তোফায়েল আহমদ রামপাশা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপির সমর্থন প্রত্যাশা করছেন। কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন।
লিফলেট বিতরণ শেষে ইউনিয়নবাসীর উদ্দেশে তোফায়েল আহমদ বলেন, “আমার লক্ষ্য একটি মাদকমুক্ত, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব রামপাশা ইউনিয়ন গড়ে তোলা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সমর্থন প্রত্যাশা করছি। দল আমাকে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দিলে ইনশাআল্লাহ, সর্বস্তরের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জনগণের স্বপ্ন পূরণে কাজ করে যাব। তিনি আরও বলেন, শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, তরুণদের স্বপ্ন বাস্তবায়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা তাঁর অন্যতম অগ্রাধিকার। রামপাশা ইউনিয়নকে মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করতে তিনি নিরলসভাবে কাজ করতে চান।
তোফায়েল আহমদ বলেন, “জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। তাই দল-মতনির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের মতামত, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি বাবুল মিয়া, নেছার মিয়া, নূর মেম্বার, মঈন উদ্দিন, বাদুল্লাহ মেম্বার, এমএ ছাত্তার, কালন মিয়া, শফি মিয়া, আলী আহমদ, ইমামুল হক, দুদু মিয়া, কবির মিয়া, সিরাজ মিয়া, আলমগীর, কাওছার, মাজেদ মিয়া, বকুল মিয়া, সুনা মিয়া, গোলাম মোস্তফা, আজিজুর রহমান, মারুফ আহমদ, সিয়াম, তাজউদ্দিন, আব্দুর রহিম, নজরুল মিয়া, গৌছ মিয়া, কামাল উদ্দিন, তাজুল ও মোনাইমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক। কর্মসূচির মধ্য দিয়ে তোফায়েল আহমদ ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং রামপাশার উন্নয়ন ও জনকল্যাণে তাঁদের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন