নয়ন হোসেনঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ খোরশেদ আলী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনো-সংক্রান্ত ৩৮টি অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মালিগাঁও-কাশিডাঙ্গা এলাকায় জেলা গোয়েন্দা শাখা এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার খোরশেদ আলী মালিগাঁও (কাশিডাঙ্গা) এলাকার মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও মোছা. মাজেদা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অনলাইন ক্যাসিনো কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে খোরশেদ আলীকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে অনলাইন ক্যাসিনো-সংক্রান্ত ৩৮টি অ্যাপের অস্তিত্ব পাওয়া যায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে উদ্ধার হওয়া অ্যাপগুলো কীভাবে ব্যবহৃত হতো, সেগুলোর মাধ্যমে কোনো আর্থিক লেনদেন সংঘটিত হয়েছে কি না এবং এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না—এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া ও ক্যাসিনো-সংক্রান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন