সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রকাশিত বরিশাল মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের একটি ভিডিও ক্লিপ নজর কেড়েছে। ভিডিওতে তার বক্তব্য ও ভাবভঙ্গি দেখে একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে কিছু মৌলিক প্রশ্ন সামনে আসা স্বাভাবিক। বিএনপির প্রতি চরম আনুগত্যের দাবি করলেও ভিডিওতে তার উপস্থাপিত তথ্যের বড় একটি অংশ বাস্তবের সঙ্গে মেলেনা বলেই মনে করেন স্থানীয় রাজনীতি প্রত্যক্ষ করা সাধারণ জনগণ ও তৃণমূল কর্মীরা।
রাজপথের আন্দোলন বনাম প্রচারণার রাজনীতি
ভিডিওতে নাসরিন আপা দাবি করেছেন, তার বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা রয়েছে এবং বরিশালে তার চেয়ে বেশি সক্রিয় ও ত্যাগী নেতা আর কেউ নেই। তবে মাঠপর্যায়ের রাজনৈতিক সত্য তা বলে না। ২০১৩, ২০১৫ এবং ২০১৮ সালের আন্দোলনে তিনি অংশ নিলেও রাজপথের প্রকৃত রাজনৈতিক কৌশল ও অভিজ্ঞতার অভাব ছিল প্রকট। বরিশাল মহানগরীর কাশীপুরের নির্জন সড়ক কিংবা নবগ্রাম রোড এলাকায় মাত্র ১০-১২ জন লোক নিয়ে গাছ কেটে ফেলে বা টায়ার জ্বালিয়ে ‘ক্যামেরা মিছিল’ ও ফটো সেশনের মাধ্যমে লাইমলাইটে আসার চেষ্টা বরিশালবাসী প্রত্যক্ষ করেছে। ২০১৩ সালে নবগ্রাম রোডে সামান্য কয়েকজনকে নিয়ে টায়ার জ্বালাতে গিয়ে ধাওয়া খেয়ে হেলমেট ছাড়া মোটরসাইকেলে উঠতে গিয়ে পড়ে যাওয়ার দৃশ্যও তখন চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরায় ধরা পড়েছিল। জ্যেষ্ঠ নেতাদের প্রতি অবজ্ঞা ও অভ্যন্তরীণ রাজনীতি
বিএনপির রাজনীতির প্রতি তার আনুগত্য স্বীকার করলেও সমসাময়িক বা জ্যেষ্ঠ নেতাদের তুলনায় তার অবদান নিয়ে প্রশ্ন থেকেই যায়। হাফিজ খান বাবলু, মাসুদ হাসান মামুন কিংবা মশিউর রহমান মঞ্জুর মতো নেতারা যে ঝুঁকি নিয়েছেন, তার সঙ্গে তুলনামূলক বিচারে তিনি অনেক পিছিয়ে। অথচ বর্তমানে জ্যেষ্ঠ নেতাদের অবজ্ঞা করে নিজের রাজনৈতিক অবস্থান তৈরি করার চেষ্টা দেখা যাচ্ছে।
বরিশাল বিএনপির অভিভাবক সমতুল্য মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে বিষোদ্গার, আহ্বায়ক ও সদস্য সচিবের অনুপস্থিতিতে একক দলীয় কর্মসূচির দাবি তোলা, কিংবা মনিরুজ্জামান ফারুক, জিয়াউদ্দিন সিকদার জিয়া এবং জ্যেষ্ঠ নেত্রী বিলকিছ জাহান শিরিনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে নিজেকে বড় নেতা হিসেবে জাহির করার প্রবণতা দলীয় শৃঙ্খলাকে বাধাগ্রস্ত করছে।
ক্ষমতা প্রদর্শন ও অসঙ্গতিপূর্ণ ভূমিকা
বর্তমানে মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক পদ ব্যবহার করে জ্যেষ্ঠ নেতাদের বাদ দিয়ে অল্পসংখ্যক বিতর্কিত কর্মী ও সুবিধাবাদী মহলকে সঙ্গে নিয়ে নিজস্ব বলয় তৈরি করার অভিযোগ উঠছে। রাজনৈতিক ফোরামে কথা না বলে বাস টার্মিনালে চাঁদাবাজির মতো বিষয়ে প্রকাশ্যে গণমাধ্যমের সামনে কটু বক্তব্য দেওয়া, নির্বাচনে পরপরই হঠাৎ বাসের মালিক বানিয়ে শ্রমিক সমিতির অন্তর্ভুক্ত হওয়া এবং বিতর্কিত ব্যক্তিবর্গকে রক্ষার ক্ষেত্রে বিএনপির পদ ব্যবহার করার বিষয়ে স্থানীয় সচেতন মহল তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। রাজনৈতিক নীতি-নৈতিকতার বদলে ব্যক্তিস্বার্থ ও চাটুকারিতার রাজনীতির এই চর্চা দিনশেষে কোনো নেতার জন্য সুফল বয়ে আনে না। সামাজিক যোগাযোাগমাধ্যমের যুগে সাধারণ কর্মীরা সবই পর্যবেক্ষণ করছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন