মোঃ খাইরুল ইসলামনিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সাংবাদিকতা পেশার সুরক্ষা, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করতে অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় গাজীপুর চৌরাস্তার তুহিন চত্বরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, দেশে বিভিন্ন কারণে সাংবাদিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। একই সঙ্গে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারও অধিকাংশ ক্ষেত্রে দীর্ঘসূত্রতার শিকার হচ্ছে। স্বাধীনতার পর থেকে বহু সাংবাদিক হত্যার শিকার হলেও অধিকাংশ ঘটনার বিচার আজও সম্পন্ন হয়নি। এ পরিস্থিতি সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
আহমেদ আবু জাফর আরও বলেন, এভাবে চলতে থাকলে নিরাপদে সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়বে। এখনও সময় আছে—সাংবাদিকতা পেশার মর্যাদা ও মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন পেশার মানুষ সাংবাদিকতায় অনুপ্রবেশ করে পেশাটিকে কলুষিত করছে। এ প্রবণতা রোধে দ্রুত পেশাদার সাংবাদিকদের একটি জাতীয় তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে তালিকা প্রণয়নের ক্ষেত্রে অ-সাংবাদিকদের অন্তর্ভুক্ত না করার বিষয়ে সাংবাদিকদেরও সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি গাজীপুরে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাকের সভাপতিত্বে এবং জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল ও বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন পৃথক ব্যানারে অংশ নিয়ে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার এবং সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান এবং প্রতিদিনের কাগজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, একে টিটু তালুকদার, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় নেতা সিকান্দার আলী কাবুল ও জাহিদ হোসেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান, ভাওয়াল প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাবের গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, জেলা সাংবাদিক ঐক্য পরিষদের মোঃ ইব্রাহিম খন্দকার, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ গাজী মামুন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য মোঃ হাসান মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, জাতীয় সাংবাদিক অধিকার সোসাইটির আহ্বায়ক মোঃ মানিক, মহানগর প্রেসক্লাবের মোঃ শহিদুল ইসলাম, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনজুর আলম সরকার, সাংবাদিক ও অভিনেতা মোঃ রানা, হেলেনা আক্তার, মোঃ আবু সালেক ভূঁইয়াসহ গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্ত্রী ও তাঁর দুই পুত্র উপস্থিত থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন