সরাইল প্রতিনিধি: হাবিবুর রহমান শুভ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদকবিরোধী অভিযান চালিয়ে শাকিব মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের সময় তাঁর কামড়ে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আহত পুলিশ সদস্যরা হলেন সরাইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ ও কনস্টেবল শরিফুল ইসলাম। তাঁরা সরাইল সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আটক শাকিব মিয়া পানিশ্বর ইউনিয়নের লায়রহাটি দেওবাড়িয়া এলাকার আনু মিয়ার ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বেপরোয়াভাবে চলাফেরা করে আসছিলেন।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শাকিব মিয়াকে গ্রেপ্তারের সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সরাইল থানা পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন