বিশেষ প্রতিনিধি: মোস্তাক আহমেদ বাপ্পি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে অবস্থিত কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান–২০২৬। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে অনুপ্রাণিত করতে আয়োজন করা হয় আলোচনা সভার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জহিরুল হক (ভিপি জহির), জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মিয়া হোসেন (রানা)। অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান, শিক্ষক, বিএনপির নেতৃবৃন্দ, অভিভাবক, সুধীজন এবং নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কলেজের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান জানান, নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া এবং শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে তাদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং নতুন শিক্ষাজীবনে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের স্বপ্নপূরণ, মেধার বিকাশ এবং সাফল্যের পথ সুগম করতে শিক্ষাপ্রতিষ্ঠানকে জ্ঞানচর্চা ও আলোকিত ভবিষ্যৎ নির্মাণের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাই শক্তি, শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ এই প্রত্যাশাকে সামনে রেখে নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন