উপজেলা পৌর শহরের হ্যালিপ্যাড মাঠসংলগ্ন এলাকায় নির্মিত দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি ধর্মীয়, সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াশিন আলী, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, এমপি প্রতিনিধি জমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমির মিজানুর রহমান মাস্টার, সাবেক মেয়র আলমগীর সরকার, জুলাই যোদ্ধা হাবিবসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী জুমার নামাজে পৌর শহরের সর্বস্তরের মানুষের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। এ সময় মুসল্লিরা মসজিদটির আধুনিক পরিবেশ ও সুযোগ-সুবিধায় সন্তোষ প্রকাশ করে বলেন, এই মসজিদ ইবাদতের পাশাপাশি আত্মিক প্রশান্তি ও সামাজিক সম্প্রীতির এক অনন্য কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।
মডেল মসজিদটিতে রয়েছে আধুনিক অজুখানা, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক নামাজ ও অজুর ব্যবস্থা, ইসলামিক রিসোর্স সেন্টার, ইমাম ও মুয়াজ্জিনের জন্য পৃথক আবাসন এবং একসঙ্গে প্রায় এক হাজার মুসল্লির নামাজ আদায়ের সুব্যবস্থা।
এছাড়াও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটিতে রয়েছে ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, সমৃদ্ধ লাইব্রেরি, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ সুবিধা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামী গবেষণা ও দাওয়াহ কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, অতিথিশালা, পবিত্র কোরআন হেফজের ব্যবস্থা এবং মৃত ব্যক্তির গোসলের জন্য পৃথক স্থান।
ধর্মীয় শিক্ষা, ইবাদত, গবেষণা ও জনসেবামূলক বহুমুখী কার্যক্রমের সমন্বয়ে গড়ে ওঠা এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র রাণীশংকৈলবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন