মোঃ খাইরুল ইসলাম,নিজস্ব প্রতিবেদন,গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান ও রফিউল ইসলাম রাফির ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার হাবিবপুর গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আহত সাংবাদিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩ আগস্ট সকালে তথ্য সংগ্রহের কাজ শেষে বাড়ি ফেরার পথে হাবিবপুর এলাকায় সাংবাদিক মো. হাবিবুর রহমান ও রফিউল ইসলাম রাফির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ সময় হানিফ, শরিফা, মোহাম্মদ আলী, বিলকিসসহ কয়েকজন হামলা চালান বলে অভিযোগ করেন আহতরা।
হামলায় সাংবাদিক হাবিবুর রহমান ও রফিউল ইসলাম রাফি আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক হাবিবুর রহমানের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শনিবার হাবিবপুর সড়কের পাশে ব্যানার হাতে মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
আহত সাংবাদিকরা জানান, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর এ ঘটনায় কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন