নয়ন হোসেনঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো ও জুয়া কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে জেলার ভূল্লী উপজেলার কচুবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামরুল ইসলাম ওই এলাকার আব্দুল জলিলের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় কামরুল ইসলামের কাছ থেকে ক্যাসিনো খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মোবাইল ফোনটি পরীক্ষা করে ক্যাসিনো-সংক্রান্ত পাঁচটি অ্যাপ পাওয়া গেছে। এছাড়া তার নামে বিকাশ এজেন্টের চারটি সিম ব্যবহারের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের অভিযোগ, কামরুল ইসলাম নিজে অনলাইন ক্যাসিনো ও জুয়া কার্যক্রমে জড়িত থাকার পাশাপাশি এলাকার বিভিন্ন মানুষকে এ ধরনের জুয়ায় উৎসাহিত ও প্রভাবিত করতেন। তার বিরুদ্ধে অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে ডিবি।
ডিবি আরও জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কামরুল ইসলামের বড় ভাই হেলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশের দাবি, হেলালের বিরুদ্ধেও মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার কামরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন