মোঃ আজিজুল হাকিম
পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ও প্রফিট বোনাস পরিশোধের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১১টায় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ব্যানারে বড়পুকুরিয়া কয়লা খনির অভ্যন্তরে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিক-কর্মচারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানান।
এর আগে গত বৃহস্পতিবার একই দাবিতে কয়লা খনির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন শ্রমিক-কর্মচারীরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রবিবার তারা খনির অভ্যন্তরে অবস্থান নেন।
বড়পুকুরিয়া কয়লা খনি দৃশ্য শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সিনিয়র সভাপতি রবিউল ইসলাম বলেন, “শ্রমিকরা নিয়মিতভাবে তাদের দায়িত্ব পালন করে আসছেন। অথচ বকেয়া বেতন ও প্রফিট বোনাস নিয়ে তালবাহানা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে। যৌক্তিক দাবি আদায় না হলে রাজপথ ছাড়ব না এবং আন্দোলন আরও কঠোর করা হবে।
তিনি আরও বলেন, ট্রেনিং সেন্টারে অনেকে প্রশাসনিক কাজের কথা বলে বসে থেকে বেতন নিচ্ছেন। অথচ ঘাম ঝরানো শ্রমিকরা বকেয়া পাওনা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আউটসোর্সিং, এক্সএমসি-সিএমসি কিংবা জিএনসি,কোনো শ্রমিককেই চাকরিচ্যুত করা যাবে না। পাশাপাশি প্রফিট বোনাস সব শ্রমিককে সমানভাবে প্রদান করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। কর্তৃপক্ষ দ্রুত বিষয়টির সমাধান না করলে শ্রমিকদের সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
কর্মসূচিতে আন্দোলন কমিটির সদস্য সচিব আশরাফুল ইসলামসহ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন