মোহাম্মদ হোসাইনটেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
রবিবার (৯ আগস্ট ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন পালংখালী সীমান্ত সড়কসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সিএনজিটি ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে সিএনজিতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস ব্র্যান্ডের এবং ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।
জব্দ করা সিগারেট ও সিএনজির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন