নয়ন হোসেনঠাকুরগাঁও প্রতিনিধি
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক চারটি বিশেষ অভিযানে দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও হরিপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ দেশি মদ জব্দ করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৮ আগস্ট) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পরমেশ্বরপুর বিওপির একটি দল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩১/৬-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চালানদিঘী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
দ্বিতীয় অভিযানে রাত ১১টার দিকে মশালগাঁও বিওপির একটি দল ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৮/৭-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভগোবানপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
এছাড়া রাত ৮টা ৩২ মিনিটে দানাজপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৪০/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৯২ বোতল দেশি মদ উদ্ধার করেন।
সর্বশেষ রাত ১০টা ৫০ মিনিটে চান্দুরিয়া বিওপির একটি দল পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩৭/১-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আমিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৩ বোতল দেশি মদ উদ্ধার করে। চারটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৯৯ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এসব মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ও পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন