মোছা. পারভীন আক্তার
জামালপুরের সরিষাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘টফি-সাথী লুডু টুর্নামেন্ট’। শনিবার সন্ধ্যায় পৌর এলাকার মহিলা কলেজ মোড়ের মায়ের দোয়া কফি হাউজে শৈশবের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাকে কেন্দ্র করে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, টফি ও সাথী বিভিন্ন সময় এলাকায় নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এরই ধারাবাহিকতায় এবার শৈশবের বান্ধবীদের নিয়ে আয়োজন করা হয় ‘টফি-সাথী লুডু টুর্নামেন্ট’।
শনিবার সন্ধ্যা থেকে ১৬ জন প্রতিযোগীর অংশগ্রহণে দুই পর্বে লুডু খেলা অনুষ্ঠিত হয়। দুই পর্বের খেলা শেষে বিজয়ী চারজনকে নিয়ে অনুষ্ঠিত হয় জমজমাট ফাইনাল। ফাইনালে অংশ নেন হোসনেআরা বিউটি, আবিদা সুলতানা, রিমা আক্তার ও এলিজা আক্তার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল শেষে এলিজা আক্তার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের আয়োজক সাবিহা দিন আফরোজ টফি ও নিলুফা হাসনাত সাথী।
এ সময় খেলার তত্ত্বাবধায়ক রেজা ইমরান হাসান রাহুল, লিজা, সাবরিন জামান তানিয়া, শিফা আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ব্যতিক্রমী এ লুডু টুর্নামেন্টকে ঘিরে খেলাপ্রেমী ও অংশগ্রহণকারীদের মধ্যে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। শৈশবের স্মৃতিকে নতুন করে উদযাপন করতে আয়োজিত এ প্রতিযোগিতা উপস্থিত সবার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। প্রতিযোগিতাটি সফল ও প্রাণবন্ত করে তুলতে আয়োজকদের পক্ষ থেকে নানা ধরনের প্রস্তুতিও নেওয়া হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন