আমিরুল ইসলামকেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ গ্রামের প্রখ্যাত কবি প্রয়াত রওশন ইজদানীর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রওশন ইজদানী একাডেমি (উচ্চ বিদ্যালয়)-এ অভিভাবক সমাবেশ ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট) বিকেল ২টায় বিদ্যালয়ের হলরুমে রাজিব তালুকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর কবির।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদার, অভিভাবক সদস্য আশরাফুল হক টিপু, শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম রুবেল, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম আকন্দ, মেহেদী হাসান জুয়েল, রঞ্জন চন্দ্র দাস, শিবির আহমেদ খান কিরণ, অভিভাবক আজিজুল ইসলাম, আক্কেল আলীসহ আরও অনেকে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার।
সভাপতির বক্তব্যে রাজিব তালুকদার বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের উপস্থিতি ও পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিতে অভিভাবকদের প্রতি সপ্তাহে অন্তত একবার বিদ্যালয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা করার জন্যও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।
এর আগে প্রধান শিক্ষকের বক্তব্য শেষে প্রাক্-নির্বাচনী পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করা হয়। এ সময় প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে তাদের জন্য দোয়া ও আন্তরিক সহযোগিতা করতে উপস্থিত অভিভাবক ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে সভাপতি রাজিব তালুকদার উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন