মোহাম্মদ হোসাইনটেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে যুবক-যুবতীদের দক্ষতা ও জীবিকা উন্নয়ন এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে যুব দক্ষতা উন্নয়ন অংশীজন ম্যাপিং ও ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট ২০২৬) উপজেলা সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে ‘কর্ম সহায়ক প্রকল্প: বাংলাদেশ ও মিয়ানমারে যুব-নেতৃত্বাধীন শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সংহতি উদ্যোগ’-এর আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জীবিকা উন্নয়ন, সামাজিক সংহতি এবং স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যুবসমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সম্ভাব্য উদ্যোগ ও করণীয় নিয়ে অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনিক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোসাম্মাৎ হাবিবা জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ তাহের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের শফিউল আলম, উপজেলা কৃষি অফিসের পুরুষ উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য অফিসের মাঠ কর্মকর্তা শহিদুল আলম, উপজেলা নির্বাহী অফিসের আইসিটি টেকনিশিয়ান মো. ফারুক, SHED-এর প্রকল্প সমন্বয়কারী মো. আবদুল্লাহ এবং হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়ানোর পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
তারা আরও বলেন, যুবকদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও সামাজিক সংহতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন