কক্সবাজার জেলার ৯টি থানার মধ্যে টেকনাফ মডেল থানা শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছে। ওয়ারেন্ট তামিল, পলাতক আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও মানবপাচারকারীদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান আনুষ্ঠানিকভাবে ওসি মো. সাইফুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি অর্জন করায় ওসি মো. সাইফুল ইসলাম মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে এ অর্জনের পেছনে টেকনাফ মডেল থানায় কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখতে জেলা পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় তিনি পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওসি সাইফুল ইসলাম আরও বলেন, মাদক, মানবপাচারসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় টেকনাফকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন