জামালপুরের দেওয়ানগঞ্জে এডিট করা আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক গৃহবধূকে নির্যাতনের মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ মামলার বাদীপক্ষকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী এলাকার মৃত মোবারক আলী খাঁর ছেলে আশকর আলী (৪০) এবং একই এলাকার আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।
মামলা সূত্রে জানা যায়গৃহবধূর স্বামী ও ছেলে ঢাকায় কর্মরত থাকায় তিনি তার ১০ বছর বয়সী মেয়েকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। এ সুযোগে আশকর আলী তাকে বিভিন্নভাবে হয়রানি করতেন বলে মামলায় অভিযোগ করা হয়।
একপর্যায়ে এডিটের মাধ্যমে তৈরি করা আপত্তিকর ছবি দেখিয়ে ওই গৃহবধূকে ভয়ভীতি প্রদর্শন এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মামলার অভিযোগ অনুযায়ী, এই ভয় দেখিয়ে আশকর আলী তাকে একাধিকবার নির্যাতন করেন। এ কাজে জাহিদুল ইসলাম সহযোগিতা করতেন বলে অভিযোগ করা হয়।
২০২২ সালের ৩১ মার্চ রাতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে থাকা অবস্থায় পুনরায় ঘটনাটি ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।পরে এ ঘটনায় গৃহবধূর ছেলে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে দুই আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, মামলার অভিযোগ ও উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। জরিমানার অর্থ মামলার বাদীপক্ষ প্রাপ্য হবেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন