নয়ন হোসেনঠাকুরগাঁও, জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের পুরাতন গড়েয়া বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে গোল্ডেন সাহেব নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কয়েক মাস আগে প্রশাসনের হস্তক্ষেপে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হলেও সম্প্রতি আবারও সেখানে দোকানঘর নির্মাণের কাজ শুরু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন গড়েয়া বাজারের সরকারি জায়গায় কয়েক মাস আগে দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন গোল্ডেন সাহেব। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।
তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নির্দেশে নির্মাণকাজ বন্ধ থাকার পরও সম্প্রতি কোনো এক সময় পুনরায় ওই স্থানে দোকানঘর নির্মাণের কাজ শুরু করা হয়েছে। সরকারি জায়গায় বন্ধ করে দেওয়া নির্মাণকাজ কীভাবে আবার শুরু হলো—এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সরকারি জায়গায় অনুমোদন ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে দেখা প্রয়োজন। পাশাপাশি প্রশাসনের নির্দেশে বন্ধ থাকা নির্মাণকাজ কীভাবে পুনরায় শুরু হলো এবং এর পেছনে কারও অনুমতি বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে সরকারি জায়গা দখল বা অবৈধ স্থাপনা নির্মাণের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে অভিযুক্ত গোল্ডেন সাহেব ও সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন