মোহাম্মদ হোসাইন,
জেলা প্রতিনিধ
কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক ও ডাকাতি মামলার আসামি হিসেবে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী আব্দুল খালেক ওরফে নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ৭৯ রাউন্ড গুলি ও রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ মডেল থানার একটি দল হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা মৌলভীপাড়া এলাকার কালুর দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাহিদের পাঁচ সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযানকালে স্থানীয়দের সহায়তায় নম্বরবিহীন একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা আব্দুল খালেক ওরফে নাহিদের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৬৯ রাউন্ড রাইফেলের গুলি এবং ১০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে পুলিশ।
এ ছাড়া একটি সাদা রঙের অ্যাঙ্কলেট এবং রেজিস্ট্রেশনবিহীন সিএনজিটিও জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার আব্দুল খালেক ওরফে নাহিদ টেকনাফের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি, হত্যা ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার নাহিদ ও পলাতক পাঁচ সহযোগীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নং-৪৮/৬৫৯, তারিখ ১০ আগস্ট ২০২৬। এতে The Arms Act, 1878-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক পাঁচ সহযোগীকে গ্রেপ্তার এবং উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন