নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিল উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। অভিযানে মোট ৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে গত ১০ আগস্ট রাত ৯টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন মৌচোষা বিওপির সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৯/৫-এস থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌধুরীপাড়া লিচুবাগান এলাকায় অভিযান চালান। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন রাত ১১টা ২০ মিনিটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌপাইল এলাকায় অভিযান পরিচালনা করে বৈরচুনা বিওপির সদস্যরা। সীমান্ত পিলার ৩৩৫/৩-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৫৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া ১১ আগস্ট রাত ৩টা ১০ মিনিটে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কোচাল এলাকায় অভিযান চালায় পার্বতীপুর বিওপির সদস্যরা। সীমান্ত পিলার ৩৪৪/৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৫২ হাজার ১০০ টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন