দৌলতপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা মূল্যের নকল সিগারেট ও কাঁচামাল জব্দ করা হয়েছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামে একটি গরুর খামার ভাড়া নিয়ে গড়ে তোলা অবৈধ নকল সিগারেট কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও নিম্নমানের তামাক উদ্ধার করা হয়। তবে অভিযানকালে কারখানার ভেতরে কাউকে পাওয়া যায়নি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গড়বাড়িয়া গ্রামের আহসান হাবিব মাস্টারের একটি গরুর খামারে অভিযান চালানো হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জয়রামপুর গ্রামের আজিরুদ্দিন সরকারের ছেলে শাকিল আহমেদ এবং বৈদ্যনাথতলা গ্রামের ইনসার আলীর ছেলে লোকমান হোসেন লিওন খামারটি ভাড়া নিয়ে সেখানে অবৈধভাবে নকল সিগারেট উৎপাদন করে আসছিলেন। অভিযানে মোট ২৫ লাখ ৫০ হাজার শলাকা নকল সিগারেট এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়। এর মধ্যে—
- ৯৬ লাখ টাকা মূল্যের ১২ লাখ শলাকা ‘ডার্বি’ সিগারেট;
- ৮৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১১ লাখ ৫০ হাজার শলাকা ‘রয়েলস’ ও ‘রয়েল নেক্সট’ সিগারেট;
- ২০ লাখ টাকা মূল্যের ২ লাখ শলাকা ‘নেভি’ সিগারেট;
- ১ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের ৩০ বস্তা বা প্রায় ২ হাজার ১০০ কেজি অপ্রসেসড পচা তামাক।
সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ। দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও নিম্নমানের তামাক উদ্ধার করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে জড়িতরা আগেই পালিয়ে যায়। জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে কারখানার সব মালামাল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত শাকিল আহমেদ ও লোকমান হোসেন লিওনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন