নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:
“জিংক ধানের ভাত খেলে পুষ্টি, মেধা উভয় মিলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি ও জিংকসমৃদ্ধ ধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১টায় উপজেলার ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী, মো. কিবরিয়া, সাংবাদিক সুজন, রাগীবসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, জিংক ধান ও গণচাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তোলা জরুরি। এ সময় জিংকসমৃদ্ধ ধানের পুষ্টিগুণ, এর উপকারিতা এবং গণচাষের বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়। পাশাপাশি সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতন হওয়ার জন্যও শিক্ষার্থীদের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বাস্থ্য ও পুষ্টিসহ বিভিন্ন বিষয়ে অতিথিদের কাছে প্রশ্ন করেন। অতিথিরা তাদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সচেতন, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সচেতনতামূলক এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি ও জিংকসমৃদ্ধ ধানের বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন