নয়ন হোসেন,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর আসামিদের দ্রুত কারামুক্তির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে অনলাইন ই-বেইল বন্ড (e-Bail Bond) সেবা। এর ফলে জামিন সংক্রান্ত কার্যক্রম আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সচিবালয় থেকে ঠাকুরগাঁওসহ দেশের ১২টি জেলায় একযোগে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
নতুন এই অনলাইন সেবা চালুর ফলে আদালত থেকে জামিনের আদেশ দেওয়ার পর বেইল বন্ড দাখিল এবং সংশ্লিষ্ট নথিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে সময় কমবে। এতে জামিনপ্রাপ্ত আসামিদের কারাগার থেকে মুক্তির প্রক্রিয়াও আগের তুলনায় দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। সংশ্লিষ্টরা জানান, প্রচলিত পদ্ধতিতে জামিনের আদেশের পর প্রয়োজনীয় কাগজপত্র আদান-প্রদান ও যাচাই-বাছাইয়ে কিছুটা সময় লাগত। ই-বেইল বন্ড চালুর ফলে এসব কার্যক্রম অনলাইনে সম্পন্ন হওয়ায় সময় ও ভোগান্তি দুটোই কমবে।
তারা আশা করছেন, নতুন এই ডিজিটাল সেবা চালুর মাধ্যমে জামিন সংক্রান্ত কার্যক্রমে দীর্ঘসূত্রতা কমবে, স্বচ্ছতা বাড়বে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন