নয়ন হোসেননিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার তিনটি পৃথক স্থানে পানিতে ডুবে তিনজনের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলার সদর, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু ও দুইজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। এর মধ্যে পীরগঞ্জ উপজেলার একটি মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ভুল্লি এলাকায় নদীতে গোসল করতে নেমে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বালিয়াডাঙ্গী উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর স্থানীয়দের তল্লাশিতে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, পীরগঞ্জ উপজেলার ৭ নম্বর হাজীপুর ইউনিয়নের তাজপুর গ্রামে রাতে আলো-আঁধারিতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। তবে এ ঘটনাকে সাধারণ দুর্ঘটনা হিসেবে দেখছেন না স্থানীয় অনেকেই। তাদের দাবি, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
একদিনে জেলার তিনটি পৃথক জলাশয়ে তিনজনের প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে পীরগঞ্জের ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের দাবি জোরালো হচ্ছে।