মোঃ মুক্তাদির হোসেনবিশেষ প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে। একই অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং অপর একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার মোক্তারপুর ও তুমলিয়া ইউনিয়ন এবং বিকেলে কালীগঞ্জ পৌর এলাকায় এসব অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তুমলিয়া ইউনিয়নের টেকমানিকপুর গ্রামের সুলতান মোল্লার ছেলে মোক্তার মোল্লাকে ১০০ টাকা জরিমানাসহ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া পুণ্যারটেক গ্রামের মৃত এস এম ফিরোজ মিয়ার ছেলে নজরুল ইসলামকে ১০০ টাকা জরিমানাসহ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মো. কাশেমকে ১০০ টাকা জরিমানাসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ সময় প্রসিকিউটর হিসেবে কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান এবং বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন অন্যদিকে, বুধবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালীগাঁও এলাকায় মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার, কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার, শাপলা ডায়াগনস্টিক সেন্টার ও কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল পরিদর্শন ও অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া শাপলা ডায়াগনস্টিক সেন্টার ও কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে বিভিন্ন শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানকালে প্রসিকিউটর হিসেবে কালীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিসেলী ঘোষ মুন মুন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র এবং বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন