এ. কে. পলাশকুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং ও কোতয়ালী মডেল থানা এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত বিদেশি সিগারেট ও মাদক উদ্ধার করেছে র্যাব-১১। এ সময় ১৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার ময়নামতি সাহেববাজার এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ লাখ ৯৪ হাজার পিস বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, একই দিন সকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানার দুর্গাপুর (পূর্বপাড়া) এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় মো. বিল্লাল হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি কোতয়ালী মডেল থানার পশ্চিম ইটাল্লা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
তিনি আরও জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে র্যাবের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।