নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি।
দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে ৩২ লাখ ১৫ হাজার টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এ ঘটনায় মো. পারভেজ মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ বিদেশে পাচারের একটি অপচেষ্টা নস্যাৎ করতে অভিযান চালানো হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ২টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট, র্যাব ও দিনাজপুর সদর থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল দিনাজপুর শহরের চাতরাপাড়া এলাকায় একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. পারভেজ মন্ডলকে আটক করা হয়। তিনি চাতরাপাড়া গ্রামের মৃত লবানা মন্ডলের ছেলে। তার কাছ থেকে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধারকৃত মূর্তিটিকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন, যা ১৯৭৬ সালে সংশোধিত হয়, অনুযায়ী এ ধরনের প্রত্নসম্পদ সংরক্ষণের দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।
উদ্ধারকৃত কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ লাখ ১৫ হাজার টাকা। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এ ধরনের ঐতিহাসিক নিদর্শনের প্রকৃত মূল্য অপরিমেয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আটক পারভেজ মন্ডলকে উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্রসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন