মোছা: পারভীন আক্তার
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে থানা-পুলিশ ও উপজেলা প্রশাসন। মাদক কারবারি, সেবনকারী ও মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ-প্রশাসনের কার্যক্রম থেকে জানা গেছে, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন অভিযানে মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধের ধরন ও আইনি প্রক্রিয়া অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, একসময় প্রকাশ্যে কিংবা আড়ালে মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত অনেকেই এখন পুলিশের নিয়মিত অভিযানের কারণে সতর্ক হয়ে পড়েছেন। ধারাবাহিক অভিযান, গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থার ফলে মাদক কারবারিদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে এক মাস, দুই মাস, তিন মাস, ছয় মাস এমনকি এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার ঘটনাও রয়েছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, কাউকে হয়রানি করা নয়; বরং মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই অভিযানের মূল লক্ষ্য। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।
দেওয়ানগঞ্জের সচেতন নাগরিকরা মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। তাঁদের মতে, শুধু অভিযান ও কারাদণ্ডের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। এর পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ আসক্তি থেকে রক্ষা করা সম্ভব হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন