মনির হোসেনবেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আম্বিয়া খাতুন (৫৪) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আম্বিয়া খাতুন ওই এলাকার আকবর আলীর স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আম্বিয়া খাতুনের শয়নকক্ষ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।