মনির হোসেনবেনাপোল প্রতিনিধি
যশোর শহরের বড়বাজার ঝালাইপট্টি এলাকার যৌনপল্লীতে কল্পনা (৩০) নামে এক নারীকে ঘরে আটকে রেখে তিন দিন ধরে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
এ ঘটনায় পিংকি নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে আহত অবস্থায় কল্পনাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ঝালাইপট্টি এলাকার কামরুল হাসানের স্ত্রী। তার বাড়ি যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকায় বলে জানা গেছে।
আহত কল্পনার অভিযোগ, প্রায় এক বছর আগে ঝালাইপট্টি এলাকার ঘরওয়ালী ছায়রা ও একই ঘরের অপর ভাড়াটিয়া পিংকির সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে তাকে ঘরে আটকে রেখে মারধর ও নির্যাতন করা হয়।
কল্পনার দাবি, শুক্রবার বিকেলে তাকে আবারও মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং তাকে ঘরে আটকে রাখা হয়। পরে সুযোগ পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহ আমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। পুলিশ আহত নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এক নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন