রওশন আরা নুপুর
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর হাড়িনাল উত্তরপাড়ায় ২৫টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধের অপচেষ্টা, চাঁদা দাবি, হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ঠিকাদার মনসুর আহমেদ লিখিত বক্তব্যে অভিযোগ করেন, নাছির উদ্দিন বিপ্লব, খাইরুল ইসলাম ও আজিজুল হাকিমের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকার ২৫টি পরিবার ও মুসল্লিদের যাতায়াতের রাস্তা দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। রাস্তাটি ব্যবহারের বিনিময়ে তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং পরবর্তীতে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, গত ২৮ জুলাই অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক রাস্তায় প্রাচীর নির্মাণ শুরু করে। এতে বাধা দিলে তারা অতর্কিত হামলা চালায়। হামলায় মনসুর আহমেদ, বৃদ্ধ হেদায়েত উল্লাহ ও রোকেয়া মফিজ গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা মসজিদ নির্মাণের জন্য রাখা ৭০ হাজার টাকা, নগদ ১ লাখ ৫ হাজার টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়।
এ ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তরা এখনো ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, দখলকৃত রাস্তা মুক্ত করা এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন