মোঃ খাইরুল ইসলামনিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আজিবর রহমান (৪৭) দীর্ঘ ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। গতকাল ভোররাতে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও থানা পুলিশ নিশ্চিত করেছে।
জানা গেছে, গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফটিকমাকেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফিরছিলেন আজিবর রহমান। পথে চলন্ত অটোরিকশায় তাঁর ওপর অতর্কিত হামলা চালায় একদল যুবক।
অভিযোগ রয়েছে, এ সময় সুমন, সাগর ও তাঁদের বাবা শরিফসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে আজিবর রহমানকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে আইসিইউতে স্থানান্তর করেন। মস্তিষ্কে জটিলতা দেখা দিলে কয়েক দফায় অস্ত্রোপচার করা হয়।
দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৬ আগস্ট দ্বিতীয় দফা এবং ১৩ আগস্ট তৃতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এরপরও তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পুনরায় লাইফ সাপোর্টে রাখা হয়।
দীর্ঘ ২৬ দিন অচেতন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল ভোররাতে আজিবর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, হামলার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন