নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে অভিযান দুটি পরিচালনা করা হয়। প্রথম অভিযানে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ৪২ বিজিবির অধীন গোবিন্দপুর বিওপির সদস্যরা হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বুটডাঙ্গী এলাকায় অভিযান চালান। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই রাতে রাত ১১টা ১০ মিনিটের দিকে কারিগাঁও বিওপির সদস্যরা হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৫৪/৬-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কারিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এসব মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন