মোঃ খাইরুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের অধীন বদনিভাঙ্গা বাজার থেকে বদনিভাঙ্গা মোড় পর্যন্ত আঞ্চলিক সড়কের বেতজুরি বাজার এলাকায় হঠাৎ বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ব্যস্ততম এই সড়কে চলাচলকারী পথচারী ও যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং হালকা ও ভারী যানবাহন চলাচল করে। সম্প্রতি বেতজুরি বাজারের সামনে সড়কের পিচ ও খোয়া সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়।
আকস্মিকভাবে সৃষ্টি হওয়া গর্তটি বর্তমানে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে রাতের বেলা ও বৃষ্টির সময় গর্তটি পানিতে তলিয়ে গেলে দূর থেকে তা বোঝা যায় না। ফলে পথচারী, মোটরসাইকেল, অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন অসংখ্য মানুষ এ সড়ক ব্যবহার করেন। কিন্তু সড়কের মাঝখানে বড় গর্ত থাকায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত গর্তটি সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সড়ক ব্যবহারকারী ও স্থানীয় সচেতন মহল বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই গর্তটি দ্রুত মেরামত করে সড়কটি নিরাপদ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ইউনিয়ন পরিষদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তাদের দাবি, জনসাধারণের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে সড়ক ব্যবহারকারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন