মোঃ তোফাজ্জল হোসেন,
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা জোরদার হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন তারা।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের নিয়মিত অভিযান, টহল ও নজরদারি জোরদার হওয়ায় তিনি স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন। বুধবার (১৯ আগস্ট) স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, থানায় অভিযোগ নিয়ে আসা সাধারণ মানুষের কথা গুরুত্ব দিয়ে শোনা, অভিযোগ পাওয়ার পর দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং অপরাধ প্রতিরোধে পুলিশের সক্রিয় ভূমিকা ইতিবাচক পরিবর্তন এনেছে।
মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান ও নজরদারি বাড়ায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে দাবি স্থানীয়দের। বিশেষ করে সড়ক ডাকাতির মতো অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তারা।
এলাকাবাসী আরও জানান, গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত পুলিশি টহল, নজরদারি এবং বিভিন্ন স্থানে আলোকসজ্জার ব্যবস্থা সাধারণ মানুষের নিরাপত্তাবোধ বাড়িয়েছে। কোনো অপরাধের ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়া এবং জড়িতদের আইনের আওতায় আনার উদ্যোগকেও ইতিবাচক হিসেবে দেখছেন তারা। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ ও সম্পর্কের উন্নতি হওয়ায় বিভিন্ন অপরাধের তথ্যও দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছাচ্ছে। ফলে অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যক্রম আরও কার্যকর হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা গেছে, পোরশা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলা এবং তাদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পোরশা থানার ওসি জিয়াউর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখতে আমরা কাজ করছি। পোরশাকে নিরাপদ রাখতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে পোরশা উপজেলায় অপরাধ আরও কমবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন