মোঃ মুক্তাদির হোসেন,
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের বনিকপাড়া এলাকায় ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন প্রকল্পের সভাপতি মোঃ শওকত হোসেন। প্রকল্প সভাপতি মোঃ শওকত হোসেন বলেন, গত ৮ জুলাই ২০২৬ প্রচণ্ড বৃষ্টির সময় বৃষ্টির পানির স্রোত ও বালুর চাপে ড্রেনটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নজরে আসার পর ক্ষতিগ্রস্ত অংশটি পুনরায় নির্মাণ করা হয়েছে। তিনি দাবি করেন, ড্রেন নির্মাণে কোনো ধরনের অনিয়ম করা হয়নি।
তিনি আরও বলেন, “আমি বারবার বলেছি, ড্রেনের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি পুনরায় মেরামত করে দেওয়া হবে। কিন্তু এর পরও বিভিন্ন পত্রিকা ও ফেসবুকে ড্রেনের ছবি ও ভিডিও প্রচার করে আমার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে আমাকে হেয় করার চেষ্টা করা হয়েছে। আমি এর প্রতিবাদ ও নিন্দা জানাই। সাংবাদিকদের অনুরোধ করব, আপনারা সরেজমিনে এসে ড্রেনটি দেখে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করুন।”
প্রকল্প সভাপতি জানান, ক্ষতিগ্রস্ত অংশে প্রায় ৭ ফুট ড্রেন নতুন করে নির্মাণ করা হয়েছে। পাশাপাশি কালীগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ সরেজমিনে এসে ড্রেনটি পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর পরামর্শ অনুযায়ী পরবর্তী কাজ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রকল্পের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন বলেন, “প্রচণ্ড বৃষ্টির কারণে পানির স্রোত ও বালুর চাপে ড্রেনের সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা ওই দিনই ক্ষতিগ্রস্ত অংশটি ভেঙে নতুন করে নির্মাণ করেছি। তিনি আরও দাবি করেন, ড্রেন নির্মাণে বাঁশের খুঁটি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া গেলে তিনি নিজ অর্থে পুনরায় ড্রেন নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করবেন।
এদিকে কালীগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, তিনি সরেজমিনে গিয়ে ড্রেনটি পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামও ড্রেনের যে স্থানে সমস্যা হবে, সেখানে পুনরায় কাজ করার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।
প্রকল্প কর্মকর্তা আরও বলেন, ড্রেনে পানি নিষ্কাশনের সুবিধার জন্য প্রয়োজনীয় স্থানে ছিদ্র রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁর দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন না হলে প্রকল্পের বিল আটকে দেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয়ভাবে ড্রেন নির্মাণ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের বক্তব্যের পাশাপাশি প্রকল্পের কাজের মান ও নির্মাণসামগ্রী সরেজমিনে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন