মোঃ বদরুল আলমদুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুর উপজেলার জয়নগর বাজার থেকে সালোয়া কান্দা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়ক দ্রুত পাকা করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা ও বেহাল অবস্থায় থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ কয়েক হাজার মানুষ চলাচল করেন। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে জরুরি রোগী পরিবহন ও কৃষিপণ্য বাজারজাত করতে নানা সমস্যার সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার ও পাকা করার দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দ্রুত সড়কটি পাকা করে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, জয়নগর বাজার থেকে সালোয়া কান্দা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কটি পাকা করা হলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি পাকা করার পাশাপাশি টেকসই ও মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানান। দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন