রিমন হোসেন
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাহসী ভূমিকা রাখায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি গ্রামের কৃতী সন্তান সামসাদ জাহান তানিয়াকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।
আন্দোলনের শুরু থেকেই অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সামসাদ জাহান তানিয়া। আন্দোলনের উত্তাল সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তিনি রাজপথে সক্রিয়ভাবে অংশ নেন। তবে তার এই ভূমিকা দীর্ঘদিন আনুষ্ঠানিক স্বীকৃতির বাইরে ছিল। অবশেষে তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো।
সামসাদ জাহান তানিয়ার বাবা সাবেক এএসপি শামসুল আলম ভূঁইয়া বলেন, “তানিয়া রাজপথে সক্রিয় থাকলেও এতদিন এই স্বীকৃতি থেকে বঞ্চিত ছিল। আজ এই সম্মান পেয়ে আমরা আনন্দিত। এই সম্মান শুধু তানিয়ার নয়, এটি জুলাই আন্দোলনের সব শহীদ ও আহত যোদ্ধার সম্মান। সম্মাননা গ্রহণের পর সামসাদ জাহান তানিয়া বলেন, “এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে। আমি এই সম্মান জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি উৎসর্গ করছি।”
বর্তমানে সামসাদ জাহান তানিয়া জনজোট বিপ্লবী মঞ্চের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন।
তিনি ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর নারী ও শিশু শিক্ষা বিষয়ক সম্পাদক এবং ‘দেশ বন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ’-এর সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ‘রঙধনু নারী ফাউন্ডেশন’-এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন এই সংগ্রামী নারী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন