নিজস্ব প্রতিবেদক
প্রায় দুই বছর এক মাস পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা মিলেছে মোটিভেশনাল স্পিকার, করপোরেট ব্যক্তিত্ব ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোলায়মান সুখনের। দীর্ঘ সময় ধরে জনসম্মুখে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তার কোনো সক্রিয় উপস্থিতি দেখা যায়নি।
সোলায়মান সুখনের সর্বশেষ ফেসবুক পোস্ট ছিল ২০২৪ সালের ১৩ জুলাই। এরপর কোটা সংস্কার আন্দোলন, জুলাইয়ের গণআন্দোলন এবং ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় দেখা যায়নি।
মঙ্গলবার (১১ আগস্ট) প্রায় ২৫ মাস পর তার ফেসবুক পেজ থেকে একটি ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করা হয়। ভিডিওটির শিরোনাম ছিল ‘Nuclear Is the Future’। এতে বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানি ও পারমাণবিক শক্তির ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।
ভিডিওতে বলা হয়, বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য ও পারমাণবিক শক্তির গুরুত্ব ক্রমেই বাড়ছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে শত শত বাণিজ্যিক পারমাণবিক চুল্লি চালু রয়েছে। পাশাপাশি বেশ কিছু নতুন চুল্লি নির্মাণাধীন এবং আরও অনেক প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে।
এতে আরও বলা হয়, জীবাশ্ম জ্বালানির তুলনায় নবায়নযোগ্য ও পারমাণবিক শক্তিতে বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভূ-রাজনৈতিক সংকট ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বিভিন্ন দেশে পারমাণবিক শক্তি নিয়ে আগের তুলনায় আগ্রহ বাড়ছে। অনেক দেশ নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পাশাপাশি পুরোনো কেন্দ্র পুনরায় চালুর বিষয়েও ভাবছে।
তবে ফেসবুকে শেয়ার করার কিছুক্ষণ পরই ‘Nuclear Is the Future’ শিরোনামের পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
এদিকে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সোলায়মান সুখনের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ ও আলোচনা রয়েছে। অভিযোগ রয়েছে, আন্দোলনের সময় সরকারপন্থী প্রচারণায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের ব্যবহারের বিষয়ে তার সম্পৃক্ততা ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।
সোলায়মান সুখন সর্বশেষ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’-এর চিফ পাবলিক রিলেশন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ ২৫ মাস পর তার সামাজিক যোগাযোগমাধ্যমে ফের উপস্থিতি নতুন করে অনুসারীদের মধ্যে আলোচনা তৈরি করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন