মোঃ তোফাজ্জল হোসাইন
পোরশা (নওগাঁ) জেলা প্রতিনিধি
মাছ চাষে সমৃদ্ধি, দেশের অর্থনীতিতে গতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি পোরশায় আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মাছের রোগবালাই প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতা অবলম্বনের আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মৎস্যচাষি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন