রিমন হোসেন,সৌদি আরব প্রতিনিধি:
প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা, ভুক্তভোগী প্রবাসীদের পাশে দাঁড়ানো এবং দেশ-প্রবাসে মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’। সংগঠনটির ২০২৬-২০২৭ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ এক বছরের প্রচেষ্টা ও প্রবাসী সহযোদ্ধাদের সহযোগিতায় নতুন এই কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।
নবগঠিত কমিটিতে মো. সেলিম রানা (সৌদি আরব) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আনোয়ার হোসেন (যুক্তরাজ্য) প্রধান উপদেষ্টা, এম এম হোসাইন ও সৈয়দ হাফিজুল মঈন উপদেষ্টা, রিমন হোসেন (সৌদি আরব) পরিচালক, রাজিবুল করিম রোমিও (বাংলাদেশ) উপ-সহকারী পরিচালক, মো. মাসুম সরকার (দুবাই) সভাপতি, মো. আবু বকর সিদ্দিক (বাংলাদেশ) সহ-সভাপতি, মনিরুল ইসলাম (দুবাই) সাধারণ সম্পাদক, আবু সাইদ মোহাম্মদ গোলাম মওলা (সৌদি আরব) ও মো. মাসুদ রানা (সুমন) (বাংলাদেশ) সহ-সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম (সৌদি আরব) যুগ্ম সাধারণ সম্পাদক, তন্ময় কুমার সাহা সিনিয়র আইনবিষয়ক সম্পাদক এবং মোহাম্মদ আজিম উদ্দীন শিমুল আইনবিষয়ক সহ-সম্পাদকসহ দেশ ও প্রবাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সেলিম রানা শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক বছর অক্লান্ত পরিশ্রম ও সহযোদ্ধাদের সহযোগিতায় সংগঠনের কার্যকরী কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়েছে। বর্তমানে ৩০০-এর বেশি সদস্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, “দেশ ও প্রবাসের সকল ভুক্তভোগী প্রবাসী ভাই-বোনের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সৌদি আরব থেকে এই টিমের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমি সকল সহযোদ্ধাকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে প্রবাসীদের পাশে থাকব।”
সংগঠনের উপদেষ্টা সৈয়দ হাফিজুল মঈন বলেন, প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু অনেক সময় তারা নানা ধরনের সমস্যা ও হয়রানির শিকার হন। এসব ভুক্তভোগী প্রবাসীর পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার ও সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করাই সংগঠনের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, সংগঠনটি সদ্য আত্মপ্রকাশ করেছে। ভবিষ্যতে বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় নিবন্ধনসহ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করে আইনসম্মতভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের নিজ নিজ দেশের আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (দুবাই) বলেন, তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ায় তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, প্রধান উপদেষ্টা, পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। প্রবাসীদের অধিকার রক্ষা, কল্যাণ এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা সফল করতে সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রয়োজন।
অন্যদিকে সংগঠনের পরিচালক রিমন হোসেন বলেন, দীর্ঘ এক বছরের প্রচেষ্টার পর কার্যনির্বাহী কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটি আরও এক ধাপ এগিয়ে গেছে। ভুক্তভোগী প্রবাসীদের সঙ্গে নিয়ে এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো প্রবাসী প্রতারণার শিকার না হন। প্রবাসীদের বিভিন্ন সমস্যা শুনে সমাধানের পথ খোঁজা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মানবিক সহায়তা প্রদানের বিষয়ে সংগঠনটি কাজ করবে।
তিনি দেশ ও প্রবাসের সকল মানবিক ও সচেতন মানুষকে সংগঠনের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, প্রয়োজনীয় আইনি সহায়তা, সচেতনতা বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রেমিট্যান্স যোদ্ধাদের মর্যাদা প্রতিষ্ঠায় তারা নিরলসভাবে কাজ করবেন। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রবাসীদের মধ্যে ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও শক্তিশালী হবে এবং দেশ-প্রবাসের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন