শফিকুল ইসলাম (সুমন)মাগুরা,
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) প্রতিনিধি ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা, মাগুরা জেলা বিএনপির সদস্য ও মহম্মদপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মো. মতিউর রহমান, সাবেক বিএনপি সদস্য-সচিব ও মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আকতারুজ্জামান আক্তার, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার এবং সফল মৎস্য চাষি মো. মোস্তফা জামান সনেট ও মো. মিজানুর রহমানসহ অনেকে।
স্বাগত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে মৎস্য দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মৎস্য চাষিদের প্রয়োজনীয় কারিগরি ও মাঠপর্যায়ের সহায়তা দিতে প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের অতিথিরা।
অনুষ্ঠানে উপজেলা পরিষদে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন