মোঃ খাইরুল ইসলাম,নিজস্ব প্রতিবেদ, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের খানবাড়ী মোড় মধ্যপাড়া এলাকায় মাওনা-নয়নপুর আঞ্চলিক সড়কের বেহাল দশার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় অটোরিকশা ও সিএনজি চালকসহ সাধারণ জনগণ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সড়কটির সংস্কারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানান। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক থেকে দেড় বছর ধরে মাওনা-নয়নপুর আঞ্চলিক সড়কের খানবাড়ী মোড় মধ্যপাড়া এলাকার একটি অংশ বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও স্থায়ী সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে হাঁটুসমান বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এতে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। প্রায় এক কিলোমিটার অংশ এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশাসহ ছোট চাকার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে তলিয়ে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। সড়কটির এমন বেহাল অবস্থার কারণে জরুরি প্রয়োজনে রোগী নিয়ে হাসপাতালে যাতায়াতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। পাশাপাশি এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার পোশাক কারখানার শ্রমিকও ভোগান্তির শিকার হচ্ছেন।
মানববন্ধনে অংশ নেওয়া অটোরিকশা ও সিএনজি চালকরা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির দুরবস্থার কারণে যানবাহন চালানো কঠিন হয়ে পড়েছে। গর্তে পড়ে প্রায়ই গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কায় চালক ও যাত্রীরা আতঙ্কে থাকেন।তারা দ্রুত মাওনা-নয়নপুর আঞ্চলিক সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
স্থানীয় সাধারণ জনগণও বলেন, এই সড়কটি শুধু যানবাহন চলাচলের জন্য নয়, এলাকার হাজার হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন